বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) টানা পাঁচ দিন ধরে চিকিৎসাধীন। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।
চিকিৎসকরা জানান, রোববার রাত থেকে তাকে ৮ থেকে ১০ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে। পরিস্থিতি খারাপ হওয়ায় আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে আইসিইউর কিছু সাপোর্ট সিসিইউতেই সরবরাহ করা হয়েছে।
মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেন, খালেদা জিয়ার অবস্থায় সামান্য অবনতি হয়েছে। এখনো তাকে আইসিইউতে নেওয়া হয়নি, তবে সব প্রস্তুতি আছে। তিনি আরও জানান, এ আইসিইউ সাধারণ আইসিইউর মতো নয়; উন্নত সব ধরনের সাপোর্ট রয়েছে। বোর্ড এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তাকে আরও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবার কাছে দোয়া চেয়েছেন চিকিৎসকরা।
গত বৃহস্পতিবার দুপুরে সংক্রমণের আশঙ্কায় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার চেষ্টা চলছে। ভ্রমণের উপযোগী অবস্থা তৈরি হলে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার নতুন কিছু পরীক্ষাও করা হয়েছে।
\r\n\r\n\r\n\r\n
প্রতিদিনই তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। মেডিকেল বোর্ডে নতুন করে লন্ডন ক্লিনিকের একজন বিশেষজ্ঞ যুক্ত হয়েছেন। লন্ডন থেকে ভার্চুয়ালি ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকও নিয়মিত আলোচনায় অংশ নিচ্ছেন।





