নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে নিবন্ধন না দেয়ায় অনশনরত আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানের প্রতি সংহতি জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে উপস্থিত হয়ে বিএনপির পক্ষ থেকে সংহতি জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, “আমজনতার দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছিল, কিন্তু তা গ্রাহ্য করা হয়নি। দেখেছি, কিছু তুচ্ছ সংগঠন নিবন্ধিত হয়েছে, কিন্তু তারেকের আবেদন কেন বাতিল হলো, তা বোঝা যায় না। তারেক দেশের স্বার্থে কথা বলেছে, আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে সচেতন অবস্থান নিয়েছে।”

তিনি আরও বলেন, “তারেক একটি রাজনৈতিক দল গঠন করেছে এবং তার বৈধতার জন্য আবেদন করেছে। সে কোনো গোপন বা রাষ্ট্রবিরোধী কাজ করতে চায়নি। আইনসম্মত রাজনৈতিক দল গঠনের জন্য তার আবেদন যথাযথ এবং গ্রহণযোগ্য হওয়া উচিত।”