ক্যাম্পাসজীবনের স্মৃতি, প্রথম প্রেমের দ্বিধা, পরিবার আর বন্ধুত্বের সহজ-সরল অনুভূতি নিয়ে নির্মিত হয়েছে ক্যাপিটাল ড্রামার নতুন ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে এটি অন্তর্জালে মুক্তি পেয়েছে।
৯০ মিনিট দৈর্ঘ্যের এই রোমান্টিক ড্রামাটি পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি। এতে জুটি হয়ে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবং অভিনয়ে একেবারে নতুন মুখ শাম্মি ইসলাম নীলা।
ফিল্মটি নিয়ে তৌসিফ মাহবুব বলেন, “ক্যাপিটাল ড্রামার সঙ্গে এটি আমার চতুর্থ কাজ। নীলা প্রথমবার কাজ করলেও পর্দায় তার আত্মবিশ্বাস খুব ভালোভাবে ধরা দিয়েছে। গল্পের নাম তার সঙ্গে মিলিয়েই রাখা হয়েছে ‘ফার্স্ট লাভ’। আশা করছি দর্শকরা গল্পে নিজেদের খুঁজে পাবেন।”
এই ফিল্মের মধ্য দিয়ে নীলার অভিনয়ে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। এর আগে তৌসিফের একটি নাটকে ক্যামিও চরিত্রে দেখা গেলেও নায়িকা হিসেবে ‘ফার্স্ট লাভ’ই তার প্রথম পূর্ণাঙ্গ কাজ। নীলা বলেন, “এই কাজটা নিয়ে আমার আলাদা আবেগ আছে। এমন একটি গল্পে কাজ করতে চেয়েছিলাম যা দর্শকের মনে রয়ে যাবে। স্ক্রিপ্ট শুনেই মনে হয়েছিল, এই গল্পটা আমার নিজের খুব কাছের।”
নির্মাতা জানান, শিক্ষাজীবনের প্রথম দোটানা, বন্ধুত্বের বন্ধন আর পরিবারকে ঘিরে কিছু ছোট ছোট মুহূর্তকে কেন্দ্র করে এগিয়েছে ‘ফার্স্ট লাভ’। দর্শকের আবেগকে ছুঁতে পারবে এমনই আশা টিমের।
ফিল্মটি এখন ক্যাপিটাল ড্রামার অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে।





