অপারেশনের ভয়ে হাসপাতালের ৯ তলা থেকে লাফ দেন এক রোগী। পরে তাকে বাঁচানোর জন্য ভর্তি করা হয় হাসপাতালের আইসিইউতে। কিন্তু শেষ রক্ষা হয়নি, মৃত্যু কেড়ে নেয় তার জীবন।
ঘটনাটি ঘটেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে। মূত্রথলি ও মূত্রনালীর সমস্যা নিয়ে সেখানে ভর্তি হয়েছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার হতভাগা যুবক ফয়েজ আহমেদ (৩০)।
রবিবার (২৪ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সোমবার (২৫ আগস্ট) তার অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু অপারেশনের ভয়ে রবিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে হাসপাতালের ৯ম তলার সিঁড়ির জানালার খোলা অংশ দিয়ে লাফ দেন তিনি।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মূলত অপারেশনের ভয়েই সে লাফ দিয়েছিল। তবে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।’







