ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজট যেন নিত্যদিনের ঘটনা। আর ঈদ সামনে এলে এই ভোগান্তি কয়েকগুণ বেড়ে যায়। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা গাড়ি দাঁড়িয়ে থাকলেও যাত্রীরা বুঝতেই পারেন না জটের প্রকৃত কারণ কী। দেশের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর হিসেবে পরিচিত এই মহাসড়ক চার লেনের হলেও পথে চলতে গেলে নানা ধরনের অব্যবস্থাপনার চিত্র স্পষ্ট হয়ে ওঠে।


মহাসড়কে হঠাৎ কোনো গাড়ি নষ্ট হলে মুহূর্তেই দীর্ঘ যানজট তৈরি হয়। এর সঙ্গে সেতুগুলোতে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় এবং অটোরিকশা ও সিএনজিচালিত যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ফলে দূরপাল্লার বাস ও গাড়িগুলোকে বারবার গতি কমাতে বা বাড়াতে হয়, যা দুর্ঘটনার ঝুঁকিও বাড়ায়। এদিকে জ্বালানি সংকটের কারণে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি তৈরি হলে অনেক সময় তা মূল সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে, যা যানজটের আশঙ্কা বাড়াচ্ছে।


যানজটে আটকে থাকা এক চালক জানান, বিভিন্ন পাম্পে জ্বালানি নেওয়ার লাইনে গাড়ি দাঁড়িয়ে থাকায় রাস্তার অনেকটা অংশ দখল হয়ে যায়। ফলে যান চলাচল আরও ধীর হয়ে পড়ে। আরেক চালকের মতে, অনেক ফিটনেসবিহীন ও ধীরগতির গাড়ি মহাসড়কে চলাচল করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সবচেয়ে বেশি ভোগান্তি দেখা যায় সায়েদাবাদের মেয়র হানিফ ফ্লাইওভার, নারায়ণগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল ও আদমজী সড়ক এলাকায়। এসব স্থানে অবৈধ পার্কিং, যত্রতত্র বাস থামিয়ে যাত্রী তোলা এবং উল্টো পথে গাড়ি চালানোর মতো অনিয়মের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে।


ঈদ সামনে এলেই যানজট কমাতে সংশ্লিষ্টদের তৎপরতা বাড়ে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আগের বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেকটা নির্বিঘ্ন হবে। তিনি জানান, গত কয়েকদিন ধরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব বণ্টন করা হয়েছে এবং ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।


তবে বিশেষজ্ঞদের মতে, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের অবকাঠামোগত তেমন বড় কোনো সমস্যা নেই। মূলত ব্যবস্থাপনার ঘাটতির কারণেই বছরের পর বছর যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়–এর অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক গুরুত্বপূর্ণ স্থানে সড়কের দুই পাশে হাটবাজার থাকায় যান চলাচল বাধাগ্রস্ত হয়। পাশাপাশি টোলপ্লাজার অদক্ষ ব্যবস্থাপনাও যানজটের অন্যতম কারণ। তার মতে, সারা বছরের যানজটের পেছনে প্রধানত অব্যবস্থাপনাই দায়ী।


\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

বিশেষজ্ঞরা বলছেন, সড়কে শৃঙ্খলা নিশ্চিতের পাশাপাশি আইন বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নিলে এই মহাসড়কের দীর্ঘদিনের যানজট সমস্যার অনেকটাই কমানো সম্ভব।