দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিস্থিতি এবং সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে আবারও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা ১১টা থেকে তিন ধাপে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মোট ১৫ জন শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধি এতে অংশ নেন। বৈঠকে অর্থ, বাণিজ্য ও বিদ্যুৎ উপদেষ্টারাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
প্রথম ধাপের বৈঠক শুরু হয় সকাল ১১টায়। এতে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, ট্রান্সকম গ্রুপ, ব্র্যাক এন্টারপ্রাইজ এবং কাজী ফার্মসের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
দ্বিতীয় ধাপে দুপুর ১২টা ৩০ মিনিটে আকিজ ভেঞ্চার গ্রুপ, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, লাল তীর সিডস এবং প্যারাগন লিমিটেডের প্রতিনিধিরা অংশ নেন।
তৃতীয় ধাপের বৈঠক শুরু হয় দুপুর ১টা ৩০ মিনিটে। এতে প্রাণ-আরএফএল গ্রুপ, নাবিল গ্রুপ এবং টিকে গ্রুপের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ৪ এপ্রিলও দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সে সময় বিনিয়োগ পরিবেশ, শিল্প খাতের চ্যালেঞ্জ এবং জ্বালানি সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।





