শাহজালাল শ্রাবণ, গংগাচড়া (রংপুর) প্রতিনিধি


রংপুরের গংগাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চর ব্রিফবাজারে একটি সংস্থার অর্থায়নে মৃত জয়নাল আবেদীন নিরাশার অসচ্ছল পরিবারের জন্য নবনির্মিত গৃহ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। একইসঙ্গে তিনি তিস্তা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।


সোমবার (১১ মে) দুপুরে চর ব্রিফবাজার এলাকায় মৃত জয়নাল আবেদীন নিরাশার অসচ্ছল পরিবারের জন্য নবনির্মিত গৃহটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পরে এমপি রায়হান সিরাজীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নদীভাঙনকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয় বাসিন্দারা নদীভাঙনের কারণে তাদের দুর্ভোগ, আতঙ্ক ও ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা তুলে ধরেন।


এ সময় এমপি রায়হান সিরাজী বলেন, তিস্তা তীরবর্তী এই অঞ্চলের মানুষের কষ্ট আমি খুব কাছ থেকে দেখেছি। নদীভাঙন শুধু বসতভিটা কেড়ে নেয় না, মানুষের স্বপ্ন ও নিরাপত্তাবোধও ভেঙে দেয়। মৃত জয়নাল আবেদীন নিরাশার পরিবারের জন্য এই গৃহ হস্তান্তর মানবিক দায়িত্ববোধেরই অংশ। চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং নদীভাঙন রোধে কার্যকর ও স্থায়ী সমাধানে আমরা কাজ করছি।


তিনি আরও বলেন, নোহালী ইউনিয়নসহ তিস্তা তীরবর্তী এলাকায় টেকসই বাঁধ নির্মাণ ও ভাঙন প্রতিরোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। স্থানীয় মানুষের ন্যায্য দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রংপুর জেলা শ্রমিক সভাপতি মো. বেলাল আবেদীন, গঙ্গাচড়া উপজেলা আমির মাওলানা মো. নায়েবুজ্জামান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, নোহালী ইউনিয়ন আমির মাওলানা মো. রফিকুল ইসলাম এবং শ্রমিক নেতা মাওলানা ওবায়দুর রহমান।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর নদীভাঙনের কারণে তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত স্থায়ী প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।