বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র বর্তমানে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন। শুক্রবার গভীর রাতে তার হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসে। প্রথমে জানা গিয়েছিল, তিনি রুটিন চেকআপের জন্য ভর্তি হয়েছেন, এবং পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল-উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
তবে শনিবার সকালে ভারতীয় একাধিক গণমাধ্যম জানায়, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও, ধর্মেন্দ্রর আইসিইউতে থাকার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, “শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হলেও ধর্মেন্দ্র রাতে ভালো ঘুমিয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। রক্তচাপ, হৃদস্পন্দন ও প্রস্রাবের পরিমাণ স্বাভাবিক রয়েছে। তাই আপাতত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ নেই।”
এর আগে গত এপ্রিল মাসে ধর্মেন্দ্রর চোখে অস্ত্রোপচার হয়েছিল। সেসময় চোখে ব্যান্ডেজ বেঁধে হাসপাতাল থেকে বাড়ি ফেরার ভিডিও ভাইরাল হয়। তখনও পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন,
“আমি এখনও শক্ত আছি। আমার সেই পুরনো দম এখনো আছে। আমার দর্শক-অনুরাগীদের জন্য নিজেকে ধরে রেখেছি।”
আসন্ন ৮ ডিসেম্বর ৯০ বছরে পা রাখবেন ধর্মেন্দ্র। তার জন্মদিনের প্রাক্কালে প্রিয় অভিনেতার অসুস্থতার খবর অনুরাগীদের মন খারাপ করে দিয়েছে। এদিকে ব্যস্ত শিডিউলের মাঝেও বাবা ধর্মেন্দ্রর পাশে রয়েছেন দুই পুত্র-সানি দেওল ও ববি দেওল।





