দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাতজন নেতাকর্মীকেও আটক করা হয়।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক। তিনি তিনবারের সাবেক সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জালাল উদ্দিন তালুকদারের মেয়ে।
দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নৌকার প্রার্থীকে পরাজিত করেছিলেন ঝুমা তালুকদার।
পরবর্তীতে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার লক্ষ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন তিনি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেন।





