২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে ভিসা ইস্যু শুরু করছে সৌদি আরব। শনিবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
\r\nসৌদি আরবের হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, হজ কার্যালয়গুলোর জন্য প্রণীত বিস্তারিত কর্মপরিকল্পনার অংশ হিসেবেই ভিসা ইস্যুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হজ ব্যবস্থাপনার প্রস্তুতি ও সেবার মান উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
\r\nমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের হজের প্রস্তুতি শুরু হয় গত বছরের ৮ জুন। সে সময় হজ অফিসগুলোকে প্রাথমিক পরিকল্পনার নথি পাঠানো হয়। পরবর্তীতে ‘নুসুক মাসার’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পবিত্র স্থানগুলোর তাঁবু সংক্রান্ত বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়, যাতে সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় পরিকল্পনা ও সমন্বয় করতে পারে।
\r\nপ্রস্তুতি সূচি অনুযায়ী, আবাসন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেবার চুক্তি সম্পন্ন হবে ১ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি থেকে, যা ২০২৫ সালের আগস্টের শেষ দিকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।





