বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ চলতি বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। তবে গ্রহণ চলাকালীন বাংলাদেশে সন্ধ্যা ও রাত থাকবে বলে এ দেশ থেকে তা দেখা যাবে না।

আইএসপিআর আরও জানায়, আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা ও অ্যান্টার্কটিকার বিভিন্ন অঞ্চল থেকে এই সূর্যগ্রহণ সরাসরি পর্যবেক্ষণ করা যাবে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, চাঁদ যখন পৃথিবী থেকে তুলনামূলক দূরে অবস্থান করে তখন আকাশে সেটিকে ছোট দেখা যায়। ফলে চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢাকতে পারে না। এতে সূর্যের বাইরের অংশ আংটির মতো আলোকবলয় তৈরি করে—মাঝখানে অন্ধকার ও চারপাশে উজ্জ্বল বলয় দেখা যায়। এ ঘটনাকেই বলয়গ্রাস সূর্যগ্রহণ বলা হয়।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মতোই বলয়গ্রাস গ্রহণের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট ‘ছায়া পথ’ তৈরি হয় এবং সেই পথের মধ্যে থাকা অঞ্চলগুলো থেকেই গ্রহণটি দেখা সম্ভব।