বাংলাদেশ পুলিশের বাংলাদেশ পুলিশ নতুন ইউনিফর্মের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সোমবার সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পুলিশের দীর্ঘদিনের খাকি পোশাক ২০০৩-২০০৪ সালে একটি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে নির্ধারণ করা হয়েছিল। তখন আবহাওয়া, ডিউটির সময়, সদস্যদের গায়ের রং এবং বাহিনীর স্বতন্ত্র পরিচয় নিশ্চিত করার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছিল।

অ্যাসোসিয়েশন অভিযোগ করে, অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন পোশাক নির্বাচন করার আগে পুলিশ সদস্যদের মতামত বা জনমত যাচাই করা হয়নি। ফলে নতুন পোশাকের সঙ্গে অন্য সংস্থার ইউনিফর্মের সাদৃশ্য থাকায় মাঠ পর্যায়ে সদস্যদের শনাক্ত করা কঠিন হতে পারে বলে তারা মত দিয়েছে।

সংগঠনটি আরও জানায়, বেশিরভাগ পুলিশ সদস্যই দ্রুত নেওয়া এই পরিবর্তনের পক্ষে নন। তারা মনে করেন, খাকি পোশাক বাহিনীর ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক।

বিবৃতিতে অর্থনৈতিক বিষয়ও তুলে ধরা হয়। বলা হয়, পোশাক পরিবর্তন একটি ব্যয়বহুল প্রক্রিয়া, যা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। বরং সেই অর্থ বাহিনীর আধুনিকায়ন, যানবাহন সরবরাহ ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধিতে ব্যয় করার পরামর্শ দেওয়া হয়।

সবশেষে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সরকারকে অনুরোধ জানিয়ে বলে, পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত যেন আরও গবেষণা ও জনমত যাচাই করে বাস্তবসম্মতভাবে নেওয়া হয়।