ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি দেখা করবেন শফিকুর রহমান ও নাহিদ ইসলাম-এর সঙ্গে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকায় তাদের নিজ নিজ বাসভবনে গিয়ে সরাসরি সাক্ষাৎ করার কথা রয়েছে তারেক রহমানের। বিএনপির মিডিয়া উইং সূত্র জানিয়েছে, সন্ধ্যা ৭টায় বসুন্ধরা আবাসিক এলাকায় শফিকুর রহমানের বাসায় যাবেন তিনি। এরপর রাত ৮টার দিকে বাড্ডায় নাহিদ ইসলামের বাসভবনে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট দুই নেতার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানা গেছে। দলটির ভাষ্য, ইতিবাচক রাজনীতির ধারাবাহিকতায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে।
এবারের নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে পেয়েছে ২০৯টি আসন। জোটসঙ্গীরা পেয়েছে আরও তিনটি। ফলে নতুন সংসদে বিএনপি জোটের মোট আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২। আরও দুটি আসনে দলটির জয়ের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে জয় পেয়েছেন তারেক রহমান।





