আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি, জামায়াত ও বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতারা।
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আজ সন্ধ্যা ৬টা থেকে এসব ভাষণ সম্প্রচার করা হবে।
জানা গেছে, সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া একই দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরও জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণ বিটিভিতে সম্প্রচার করা হয়।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।





