যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। দেশটির তাসনিম নিউজকে একটি সূত্র জানিয়েছে, বুধবার রাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই জবাব পাঠানো হয়েছে। এখন যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় আছে তেহরান।

সূত্রের বরাতে জানা যায়, জবাবে ইরান কয়েকটি শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে—হত্যা ও আগ্রাসন বন্ধ করতে হবে, ভবিষ্যতে যুদ্ধ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে এবং সব ফ্রন্টে যুদ্ধ শেষ হবে।

এছাড়া হরমুজ প্রণালির ওপর নিজেদের সার্বভৌম অধিকার পুনর্ব্যক্ত করেছে ইরান। তাদের দাবি, এটি ইরানের স্বাভাবিক ও আইনি অধিকার এবং তা স্বীকৃতি দিতে হবে।

একই সঙ্গে সূত্রটি বলছে, যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব আসলে 'তৃতীয় ধোঁকা'। ইরান মনে করছে, আলোচনার নামে যুক্তরাষ্ট্র একদিকে বিশ্বকে বিভ্রান্ত করতে চায়, অন্যদিকে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে চায় এবং নতুন সামরিক পদক্ষেপের জন্য সময় নিতে চায়।

সূত্র আরও জানায়, অতীতের অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের আস্থা এখন প্রায় নেই বললেই চলে।