আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ২৫০ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীরাও রয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে UNHCR এবং IOM।
জানা গেছে, ট্রলারটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিল।
পথে আন্দামান সাগরে প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি। অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় ভারসাম্য হারিয়ে এটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় উদ্ধার তৎপরতা ও নিখোঁজদের সন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।





