চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) চলমান শিক্ষার্থী আন্দোলনের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, শিক্ষার্থীরা গত রোববার থেকে ১৫ দফা দাবিতে আন্দোলন শুরু করেন। এসব দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল—লেট ফি বাতিল, আধুনিক ল্যাব স্থাপন, হল রুমে না রেখে যথাযথ ক্লাসরুমে ক্লাস নেয়া, সব সেমিস্টারে ইমপ্রুভমেন্টের সুযোগ, পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও মেডিকেল সুবিধার সংস্কার।
মঙ্গলবার শিক্ষার্থীরা দাবিগুলোর বাস্তবায়নে একটি সুস্পষ্ট রোডম্যাপ চায় কর্তৃপক্ষের কাছ থেকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি রোডম্যাপ দিলেও তা শিক্ষার্থীদের সন্তুষ্ট করতে ব্যর্থ হয়। ফলে তারা রাতেই ঘোষণা দেয়, বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলবে এবং তারা ক্যাম্পাসেই অবস্থান করবেন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের প্রতিনিধি সিয়াম এলাহি, মিপ্তাউল ফেরদৌস প্রমুখ বলেন, “আমরা বারবার প্রশাসনের কাছে স্পষ্ট ও সময়সীমা নির্ধারিত রোডম্যাপ চেয়েছি। কিন্তু তারা দায়সারা ধরনের পরিকল্পনা দিয়েছে। তাই আমরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছি।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে সময় প্রয়োজন। আমরা রোডম্যাপ দিয়েছি এবং অধিকাংশ শিক্ষার্থী তা গ্রহণ করেছে। তবে কিছু শিক্ষার্থী বাইরের প্রভাবিত অছাত্রদের উস্কানিতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছে।”
তিনি আরও জানান, “এমন পরিস্থিতিতে বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।”





