আফগান সীমান্তঘেঁষা এলাকায় অন্তত সাতটি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার (২২ ফেব্রুয়ারি) দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এবং আইএসকেপি–এর আস্তানায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, এসব ঘাঁটি জঙ্গিগোষ্ঠীর সদস্যরা নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছিল। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে সংঘটিত একাধিক আত্মঘাতী হামলার জবাব হিসেবে সীমান্তে এই অভিযান চালানো হয়েছে বলে জানায় ইসলামাবাদ।


বিশেষ করে চলতি মাসে ইসলামাবাদের একটি শিয়া মসজিদ এবং খাইবার পাখতুনখোয়ার বান্নু এলাকায় হওয়া আত্মঘাতী হামলার পর কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর ও বান্নু জেলায় সংঘটিত হামলার পেছনে আফগানিস্তানভিত্তিক নেতৃত্ব ও তত্ত্বাবধায়কদের সরাসরি নির্দেশনা রয়েছে—এমন ‘চূড়ান্ত প্রমাণ’ তাদের কাছে আছে বলেও জানায় মন্ত্রণালয়।


বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তান বারবার কাবুলের তালেবান সরকারকে আহ্বান জানিয়েছে যাতে আফগান ভূখণ্ড ব্যবহার করে কোনো সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানে হামলা চালাতে না পারে। তবে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে কাবুল ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।


পাকিস্তানের দাবি, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।