বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ক্যামেরার আড়ালে থাকতে বরাবরই স্বচ্ছন্দ। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না, প্রকাশ্য উপস্থিতিতেও পাপারাজ্জিদের এড়িয়ে চলেন তিনি। তবে সাম্প্রতিক এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তাকে ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাতের দিকে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে একটি হোটেলে পার্টিতে পৌঁছান আরিয়ান। তার উপস্থিতি টের পেয়ে হোটেলের প্রবেশপথে ভিড় জমান ফটো সাংবাদিকরা। বিলাসবহুল গাড়ি থেকে প্রথমে নামেন তার দুই বন্ধু। ক্যামেরার ফ্ল্যাশ বাড়তেই নিরাপত্তাকর্মীদের একজন দ্রুত সবাইকে ভেতরে যাওয়ার নির্দেশ দেন। এরপর গাড়ি থেকে নেমে মাথা নিচু করে কোনো প্রতিক্রিয়া না দিয়েই দ্রুত হোটেলের ভেতরে ঢুকে পড়েন আরিয়ান। ক্যামেরার দিকে তাকানো তো দূরের কথা, এক মুহূর্তের জন্যও থামেননি তিনি।

তারকাসন্তানদের পাপারাজ্জি এড়িয়ে চলা নতুন কিছু নয়। কিন্তু আরিয়ানের এই তড়িঘড়ি দৌড় নতুন করে প্রশ্ন তুলেছে। সামাজিক মাধ্যমে অনেকেই মনে করছেন, সাম্প্রতিক বিতর্কের প্রভাবেই কি এমন আচরণ করলেন তিনি?

কিছুদিন আগেই বেঙ্গালুরুর একটি নাইটক্লাবে অশালীন আচরণের অভিযোগ ওঠে আরিয়ানের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ক্লাবে উপস্থিত কয়েকজনের উদ্দেশে তিনি মধ্যমা প্রদর্শন করেন। এ ঘটনায় বেঙ্গালুরু পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দেন আইনজীবী ওয়েইজ হুসেইন। পাশাপাশি কর্নাটক রাজ্য নারী কমিশনেও অভিযোগ দায়ের করা হয়।

যদিও ওই বিতর্কের মাঝেই কলকাতা সফরে এসে টালিউড অভিনেত্রী তৃণা সাহার সঙ্গে আড্ডায় দেখা যায় তাকে। সে সময় ফটো সাংবাদিকদের সামনে তাকে বেশ স্বাভাবিকই দেখা গেছে, কোনো অস্বস্তি চোখে পড়েনি।

তাই প্রশ্ন উঠছে, তখন স্বচ্ছন্দ থাকলেও এবার হোটেলে ঢোকার আগে ক্যামেরা দেখেই কেন এমন তড়িঘড়ি সরে গেলেন আরিয়ান? নেটফ্লিক্স সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’ দিয়ে নির্মাতা হিসেবে নিজের জায়গা তৈরি করা এই স্টারকিডকে ঘিরে সেই প্রশ্নই এখন ঘুরছে নেটদুনিয়ায়।