দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকে নতুন দর কার্যকর হয়েছে। এতে করে এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা দরে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দর ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
✦ নতুন দর অনুযায়ী:
২২ ক্যারেট স্বর্ণ (ভরি) — ১,৭২,৬৫১ টাকা
২১ ক্যারেট স্বর্ণ (ভরি) — ১,৬৪,৮০১ টাকা
১৮ ক্যারেট স্বর্ণ (ভরি) — ১,৪১,২৬৩ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ (ভরি) — ১,১৬,৮৫০ টাকা
বাজুস জানায়, স্বর্ণ বিক্রির দামের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যোগ হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে গত ২৪ জুলাই সর্বশেষ দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ১,৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা।





