জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ পেয়েছেন। ২০২২ সালে প্রথমবার এ দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি নিয়মিতভাবে ইউএনডিপির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত ছিলেন। তার নতুন মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।
নতুন দায়িত্বে জয়া আহসান বিশেষভাবে কাজ করবেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। এর মধ্যে দারিদ্র্য হ্রাস, জেন্ডার সমতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, এবং সামাজিক উন্নয়নের নানা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে তার প্রচার কার্যক্রমের অগ্রাধিকার তালিকায়।
জয়া আহসান বলেন, “ইউএনডিপির সঙ্গে এই যাত্রা অব্যাহত রাখতে পারায় আমি আনন্দিত। এসডিজি অর্জনের জন্য আমাদের হাতে মাত্র পাঁচ বছর সময় আছে। এখনই সময় একসঙ্গে কাজ করার, যেন আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারি।”
এদিকে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জয়ার পুনঃনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, “জয়া আহসান শুধু একজন জনপ্রিয় শিল্পী নন, তিনি টেকসই ও সুন্দর সমাজ গঠনের একজন প্রভাবশালী কণ্ঠস্বর। আমরা আশাবাদী, তার মাধ্যমে এসডিজির বার্তাগুলো আরও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছাবে।”





