ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে আমজনতার দলের সদস্য হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হাজী ওবায়দুল হক। মঙ্গলবার তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে জানতে চাইলে ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক অর্থ সম্পাদক ওবায়দুল হক বলেন, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির পক্ষ থেকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। এ কারণে বাধ্য হয়ে তিনি আমজনতার দলের ব্যানারে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
দল পরিবর্তন করেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে তার অবস্থান থাকলেও আপাতত তিনি আমজনতার দলের সদস্য এবং এই দলের প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেবেন।
আমজনতার দল ফেনী জেলা শাখার আহ্বায়ক আশিষ দত্ত জানান, ফেনীর তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটিতে দলীয় প্রার্থী দেওয়া হয়েছে। এর মধ্যে ফেনী-১ আসনে ফরহাদ চৌধুরী এবং ফেনী-২ আসনে হাজী ওবায়দুল হক প্রার্থী হচ্ছেন। ওবায়দুল হক ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল পর্যন্ত ফেনী-১, ফেনী-২ ও ফেনী-৩ আসনে মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ফেনী-১ আসনে ৭ জন, ফেনী-২ আসনে ১১ জন এবং ফেনী-৩ আসনে ১২ জন প্রার্থী রয়েছেন।





