বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, ক্ষমতায় এলে রাজশাহীতে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে। বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি বলেন, “আমাদের ক্ষমতায় এলে আমের জন্য হিমাগার তৈরি করা হবে এবং বরেন্দ্র প্রকল্প চালু করা হবে।”

২২ বছর পর রাজশাহীতে ফেরার কারণে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তিনি আরও জানান, নির্বাচনে জয়ী হলে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।

তারেক রহমান উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাল খননের কর্মসূচি শুরু হয়েছিল এবং পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়ার শাসনামলে গ্রহণ করা সেচ প্রকল্পগুলো উত্তরবঙ্গের কৃষিকে সমৃদ্ধ করেছিল। তবে পদ্মা নদী কেন্দ্রিক সেচ প্রকল্পের নিজস্ব বাজেট, যা প্রায় ১ হাজার কোটি টাকা, গত ১৬ বছরে কার্যত স্থগিত ছিল। তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে এই ঐতিহাসিক প্রকল্পকে পূর্ণ শক্তিতে সচল করা হবে।

তিনি আশ্বস্ত করেন, প্রকল্পের সুবিধা শুধু রাজশাহীতে সীমাবদ্ধ থাকবে না, বরং রাজশাহী থেকে পঞ্চগড় পর্যন্ত কৃষকেরা সেচের পানি পাবে। তারেক রহমান বলেন, “উৎপাদন বাড়লে কৃষকের আয় বাড়বে, আর কৃষক হাসলে হাসবে বাংলাদেশ। আমাদের লক্ষ্য উত্তরের প্রতিটি অঞ্চলে সেচের পানি পৌঁছে দেওয়া।”


\r\n\r\n\r\n\r\n