ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না। জামায়াত হোক বা অন্য কোনো দল—কারও ক্ষেত্রেই ব্যতিক্রম হবে না বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বংশালের সুরিটোলা স্কুলের সামনে নির্বাচনী গণসংযোগ চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইশরাক হোসেন।

তিনি বলেন, বিএনপি আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই এই অবস্থানে এসেছে। দীর্ঘ ১৭ বছর ধরে দলের নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছেন, বহু মানুষের রক্তের বিনিময়ে এই জায়গা অর্জিত হয়েছে বলে দাবি করেন তিনি।

জামায়াতের এক প্রার্থীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন বলেন, ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসনের প্রার্থীর কাছ থেকে এমন মন্তব্য দুঃখজনক। এসব কথা এখন হাস্যরসে পরিণত হয়েছে এবং শুধুমাত্র নিজেদের নেতাকর্মীদের উজ্জীবিত রাখতেই এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি প্রশ্ন তুলে বলেন, এতদিন তারা কোথায় ছিল। তার ভাষায়, ৫ আগস্টের পর এবং ২৪ আগস্টের পর হঠাৎ করেই এই ‘গুপ্ত বাহিনী’ দৃশ্যমান হয়েছে। তিনি অভিযোগ করেন, ভোরবেলায় যখন রাস্তায় মানুষ থাকত না, তখন অন্ধকারে মিছিল করে চলে যেত—এটাই ছিল তাদের আন্দোলন।

ইশরাক হোসেন আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা রাজপথে প্রকাশ্যে আন্দোলন করেছেন, গুলির মুখে দাঁড়িয়েছেন এবং রক্ত দিয়েছেন। তার দাবি, ঢাকার সব আসনেই জামায়াতের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সে কারণেই তারা এ ধরনের বক্তব্য দিচ্ছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অন্য কোনো উদ্দেশ্য থেকে এসব কথা বলা হয়ে থাকে, তাহলে নির্বাচন অনেক আগেই তাদের ঢাকা থেকে বিতাড়িত করা হবে।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।