ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হামলার ঘটনায় গ্রেপ্তারের আশ্বাস দিলেন ডিএমপি কমিশনার
\r\n
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে।
\r\n
শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস্ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
\r\n
কমিশনার বলেন, “আমরা মূল লক্ষ্য ব্যক্তিকে (প্রাইম টার্গেট) খুঁজছি। আশা করি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।”
\r\n
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
\r\n
এদিকে, শনিবার সকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এক ছবি প্রকাশ করেছে। ছবিতে ঢাকা আদাবর থানা ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে দেখা যাচ্ছে। পুলিশ জনগণকে তাঁর বিষয়ে তথ্য দিলে জানানোর আহ্বান জানিয়ে পুরস্কার ঘোষণা করেছে।
\r\n
পুলিশ ও র্যাব সূত্রে জানা গেছে, ফয়সাল করিম মাসুদ রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার ছিলেন।
\r\n
এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার আরও বলেন, “জাতীয় নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি।”
\r\n
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ওসমান হাদি এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নন। তার শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল না হওয়া পর্যন্ত বিশেষ সতর্কতা প্রয়োজন। চিকিৎসকরা জানিয়েছেন, ৪৮ ঘণ্টা পার হওয়ার আগে তার শারীরিক অবস্থা নিয়ে কোনো নিশ্চিত মন্তব্য করা যাবে না।





