দেশে ফেরার প্রাক্কালে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের এয়ারপোর্টে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অনুরোধ জানান।
তারেক রহমান বলেন, “আগামী ২৫ ডিসেম্বর ইনশাআল্লাহ আমি দেশে ফিরে যাচ্ছি। কিন্তু আমার একটি বিশেষ অনুরোধ—সেদিন দয়া করে কেউ আমাকে বিদায় দিতে এয়ারপোর্টে যাবেন না।”
তিনি বলেন, এয়ারপোর্টে উপস্থিত হলে হট্টগোল সৃষ্টি হবে এবং এতে প্রবাসী বাংলাদেশি ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। “এতে দেশের সুনাম ও দলের সুনাম—দুটিই ক্ষতিগ্রস্ত হবে,” বলেন তিনি।
তারেক রহমান আরও বলেন, “যারা আমার এই অনুরোধ রাখবেন, আমি মনে করব তারা দল ও দেশের সম্মানের প্রতি শ্রদ্ধাশীল। আর নিষেধের পরও যারা এয়ারপোর্টে যাবেন, তাদের আমি ব্যক্তিগত স্বার্থে সেখানে গেছেন বলে ধরে নিতে বাধ্য হবো।”
এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবেন। পরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকেও এ বিষয়টি নিশ্চিত করা হয়।
বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন।”
উল্লেখ্য, তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তিনি সম্প্রতি দেশে ফেরেন। বর্তমানে খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০০৭ সালে গ্রেপ্তার হয়ে ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকে সেখান থেকেই তিনি দল পরিচালনা করে আসছেন। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের ও সাজা দেওয়া হয়।





