দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৯টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সর্বশেষ চারুকলা অনুষদ বিভাগ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ছাত্রদল।
এই কেন্দ্রে শীর্ষ দুটি পদেই ছাত্রদল সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন। তবে চারুকলা অনুষদসহ ঘোষিত ৯ কেন্দ্রের সামগ্রিক ফলাফলে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী এগিয়ে থাকলেও জিএস ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনের পক্ষে ড. আনিছুর রহমান চারুকলা অনুষদ বিভাগ কেন্দ্রের ফল ঘোষণা করেন। এর আগে মাইক্রোবায়োলজি ও ফিন্যান্স, সিএসই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান এবং ফার্মেসি বিভাগের ফল প্রকাশ করা হয়।
ভিপি (সহ-সভাপতি) পদে ৯ কেন্দ্রের মোট ফলাফলে ছাত্রশিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ৮৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত এ কে এম রাকিব পেয়েছেন ৮৬৪ ভোট।
জিএস (সাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ ৭৫৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। একই পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ৪২৬ ভোট।
এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবির সমর্থিত মাসুদ রানা ৯ কেন্দ্রে মোট ৬৮৮ ভোট অর্জন করেছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৭৩২ ভোট।





