রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে লাগানো একটি বিএনপি ব্যানার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু)-এর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার নিজে খুলে ফেলেছেন।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড এলাকায় তিনি ব্যানারটি সরান। ব্যানারটিতে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির নাম উল্লেখ ছিল। সকাল সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি সংশ্লিষ্ট শিক্ষককে দুপুর ২টার মধ্যে ব্যানারটি অপসারণ করার আলটিমেটাম দিয়েছিলেন।
ব্যানার খুলে ফেলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সালাউদ্দিন আম্মার বলেন, “সংশ্লিষ্ট শিক্ষককে ব্যানার অপসারণে আহ্বান জানিয়েছিলাম, তিনি কোনো পদক্ষেপ নেননি। তাই শিক্ষার্থী হিসেবে নিজে ব্যানারটি সরালাম। ক্যাম্পাসে যখনই দলীয় ব্যানার দেখা যায়, শিক্ষকদের আমি তা প্রতিহত করব। শিক্ষকরা রাজনীতি শিক্ষার নামে শিক্ষার্থীদের পলিটিকাল দালাল বানাচ্ছেন।”
তিনি আরও বলেন, “অন্য কোনো দল যেমন জামায়াতে ইসলামীর জন্য একই ধরনের ব্যানার থাকলেও তারা কোনো মিছিল-মিটিং বা প্রকাশ্য কর্মকাণ্ড করেনি। আপনারা রাজনীতি করুন, তবে সেটা ক্যাম্পাসের বাইরে সীমাবদ্ধ রাখুন।”
\r\nসালাউদ্দিন শিক্ষার্থীদের ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে অবস্থান নিয়ে বলেন, “এর পেছনে ভয়াবহ শিক্ষক রাজনীতি কাজ করছে। এজন্য শিক্ষক রাজনীতির বিরুদ্ধে সবার আগে সোচ্চার হওয়া উচিত।”
এ বিষয়ে জানতে চাইলে জিয়া পরিষদ রাজশাহী জেলার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার বলেন, “ছাত্রটির ক্ষমতা আছে, তাই সে ব্যানার খুলেছে। কিন্তু এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। তারেক রহমান একজন দেশবরেণ্য নেতা, যিনি দেশের ঐক্যের প্রতীক। তাকে অভিনন্দন জানানোয় বিশ্ববিদ্যালয়ে কী ক্ষতি হলো, আমি তা বুঝতে পারছি না। এ ঘটনার প্রতি আমি তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাই।”
তিনি আরও যোগ করেন, “এসব ছাত্রনামধারি নেতা লেখাপড়া বাদ দিয়ে শুধু ক্যাম্পাসে ঘোরাঘুরি করছেন। এদের বিচার দেশের জনগণের হাতে ছেড়ে দিয়েছি।”





