আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার সাম্প্রতিক ইসরাইল সফরের প্রতিবাদে দেশটির রাজধানী তিরানায় শত শত মানুষ বিক্ষোভ করেছেন। ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়ে তারা প্রধানমন্ত্রীর এই সফরের নিন্দা জানান। খবর বার্তা সংস্থা আনাদোলুর।


\r\n

বিভিন্ন নাগরিক সংগঠন এই বিক্ষোভের আয়োজন করে। শুক্রবার পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীরা ২৫ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত রামার ইসরাইল সফরের বিরোধিতা করেন। তারা ‘আমার নামে নয়’, ‘নিপীড়ন ও বর্বরতার সঙ্গে হাত মেলাবেন না’ এবং ‘গাজার বোমাবর্ষণ বন্ধ করুন’- এ ধরনের লেখা ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।


\r\n

বিক্ষোভের আয়োজকদের একজন ফ্লোরিয়ার আরাপি বলেন, “আলবেনিয়ার জনগণ শান্তি ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়িয়েছে, গণহত্যা বা যুদ্ধাপরাধের পক্ষে নয়। প্রধানমন্ত্রী রামার সফর আমাদের জন্য লজ্জার এবং এক বিরাট কলঙ্কের। তিনি আলবেনিয়াকে অন্যায়, অপরাধ ও শিশু ও নারী হত্যার অন্ধকার পথে নিয়ে গিয়েছেন।”


\r\n

সিডোরেলা ভাতনিকাজ বলেন, “নেতানিয়াহুর মতো একজন যুদ্ধাপরাধীর সঙ্গে করমর্দনে আমাদের সমর্থন নেই। নব্বইয়ের দশকে কসোভোতে আমরা গণহত্যার শিকার হয়েছিলাম। তাই আমরা এখন গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছি।”


\r\n

বিক্ষোভকারীরা ইসরাইলি কোম্পানিগুলোকে আলবেনিয়ায় বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানানোর প্রস্তাবকেও উপনিবেশবাদ হিসেবে অভিহিত করেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন।


\r\n

এর আগে, রামা ইসরাইল সফরের সময় ইসরাইলের পার্লামেন্টে ভাষণ দেন এবং সেখানে বক্তৃতা দেওয়াকে ‘অত্যন্ত সম্মানের’ বিষয় হিসেবে উল্লেখ করেন।