যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে দেওয়া এক পোস্টে “আল্লাহর প্রশংসা হোক” মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ওই পোস্টে ট্রাম্প ইরানকে সামরিকভাবে “সম্পূর্ণ পরাজিত” দাবি করেন। তিনি বলেন, দেশটির নৌ, বিমান, রাডার ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস হয়ে গেছে।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের ড্রোন ও মিসাইল তৈরির কারখানাগুলো ধ্বংস করা হয়েছে এবং দেশটির দীর্ঘদিনের নেতৃত্বও আর কার্যকর অবস্থায় নেই।

এ প্রসঙ্গে তিনি লেখেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের দীর্ঘদিনের নেতারা আর আমাদের মাঝে নেই—আল্লাহর প্রশংসা হোক।”

এ মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে ব্যঙ্গাত্মক বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।

একই পোস্টে ট্রাম্প জানান, হরমুজ প্রণালি নিরাপদ করতে যুক্তরাষ্ট্র কাজ শুরু করেছে, যা বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ।

তবে তার এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক মহল থেকেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।