অধিকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদের প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের পাহারায় হামলা চালিয়েছে বসতি স্থাপনকারীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা’র বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা

\r\n

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা দলবদ্ধভাবে এসে ফিলিস্তিনিদের উসকানি দিতে মসজিদ এলাকায় ঘোরাফেরা করে। এ সময় ইসরায়েলি পুলিশ পুরো এলাকাজুড়ে ছিল ব্যাপক উপস্থিতিতে।

\r\n

ওয়াফা জানিয়েছে, পুরো পুরাতন জেরুজালেম এখন কার্যত সামরিক ব্যারাকে পরিণত হয়েছে। আল-আকসা মসজিদের প্রতিটি প্রবেশদ্বারে ইসরায়েলি সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। ফিলিস্তিনিদের প্রবেশেও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ।

\r\n

এদিকে, চলতি সপ্তাহে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে পবিত্র আল-আকসা মসজিদ ধ্বংসের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক ভিডিও। ভিডিওতে আল-আকসা মসজিদ ভেঙে সেখানে 'থার্ড টেম্পল' নির্মাণের দৃশ্য তুলে ধরা হয়।

\r\n

প্রতিবেদন অনুসারে, এই ভিডিওটি প্রকাশ করেছে কট্টরপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সমর্থক কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে।

\r\n

আল-আকসা মসজিদ মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান হিসেবে স্বীকৃত, এবং এর বিরুদ্ধে যেকোনো হামলা বা উসকানি মধ্যপ্রাচ্যে সহিংসতা বাড়িয়ে দিতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন। অধিকৃত পূর্ব জেরুজালেমের পরিস্থিতি নিয়েও আন্তর্জাতিক মহলে ক্রমশ উদ্বেগ বাড়ছে।