ইসরায়েলে নিষিদ্ধ থাকার পরও সীমিত পরিসরে কার্যক্রম চালিয়ে যাওয়া কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বিরুদ্ধে ফের ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।
\r\nবৃহস্পতিবার (১৯ জুন) এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে বেন-গভির বলেন, “আল জাজিরাকে যদি ইসরায়েলে সংবাদ প্রচারের অনুমতি দেওয়া হয়, তাহলে তা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।” তিনি আরও বলেন, “যে কেউ আল জাজিরার সম্প্রচার দেখছে, তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া উচিত।”
\r\nইসরায়েলের চরম ডানপন্থী এই মন্ত্রী আল জাজিরা পরিবারের বিরুদ্ধে তার আগের অবস্থান আবারও দৃঢ়ভাবে তুলে ধরেন।
\r\nএর আগে ২০২৪ সালের মে মাসে ইসরায়েল সরকার আল জাজিরার সাংবাদিক, প্রযোজক, ক্যামেরাপারসনসহ সব কর্মীর ওপর কার্যত নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে দেশটিতে সংবাদমাধ্যমটির অফিস বন্ধ করে দেওয়া হয় এবং সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।
\r\nএছাড়া চলতি বছরের জানুয়ারিতে ফিলিস্তিন কর্তৃপক্ষও আল জাজিরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল, যার ফলে পশ্চিম তীরে সংবাদমাধ্যমটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।
\r\nতবে নিষেধাজ্ঞার মধ্যেও আল জাজিরার আরবি এবং লাইভ চ্যানেল “আল জাজিরা মুবারাশ” এখনও ইসরায়েলে সীমিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।





