আজ ১১ দল আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। দুপুরে দলের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন, আর বৈঠকের পর সন্ধ্যায় এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১টায় নিজের ফেসবুক আইডিতে লিখেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে ১৪ জানুয়ারি বুধবার বিকাল ৪টা ৩০ মিনিটে, ইনশাআল্লাহ।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় খেলাফত মজলিসও বৈঠক করে। তারা জানিয়েছে, ১৪ জানুয়ারি বেলা ১১টায় কেন্দ্রীয় মজলিসে জরুরি অধিবেশন হবে, এরপর জাতীয় নির্বাচন সংক্রান্ত দলীয় সিদ্ধান্ত জানানো হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাহী পরিষদও মঙ্গলবার সন্ধ্যার পর বৈঠকে বসেছিল। বৈঠক মধ্যরাত পর্যন্ত চললেও তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। ইসলামি আন্দোলনের শীর্ষ নেতাদের সঙ্গে ফোন ও এসএমএসের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

১১ দলের একটি সূত্র জানায়, ইসলামী আন্দোলনের বৈঠক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। বুধবার তাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার তারা জামায়াতের সঙ্গে এবং স্বতন্ত্রভাবে বৈঠক করলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।