ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পরও প্রকাশ্যে আসেননি মোজতবা খামেনি। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের হামলায় তিনি আহত হয়ে অক্ষম হয়ে পড়তে পারেন।


ওয়াশিংটনের মতে, প্রায় দুই সপ্তাহ আগে ইরানে চালানো যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় মোজতবা খামেনি আহত হন এবং সেই হামলায় তার বাবা আলি খামেনি নিহত হন। এরপর মোজতবাকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়।


সর্বোচ্চ নেতা হওয়ার পর গত বৃহস্পতিবার প্রথমবারের মতো একটি লিখিত বিবৃতি দেন মোজতবা খামেনি। টেলিভিশনে একজন উপস্থাপক সেই বিবৃতি পড়ে শোনান। এতে তিনি হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি দেন এবং প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে বলেন, লক্ষ্যবস্তু হতে না চাইলে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটি বন্ধ করতে হবে।


এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক সংবাদ সম্মেলনে বলেন, নতুন নেতা আহত এবং সম্ভবত অক্ষম হয়ে পড়েছেন। তিনি যে বিবৃতি দিয়েছেন তা শুধু লিখিত, এতে কোনো ভিডিও বা কণ্ঠস্বর ছিল না।


তবে ইরান জানিয়েছে, মোজতবা খামেনি আহত হলেও তিনি কার্যক্ষমতা হারাননি। গত বুধবার ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, তিনি সামান্য আহত হয়েছেন। পরে শুক্রবার জাপানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত পেইমান সাদাতও একই কথা জানান।