মন্ত্রিপরিষদে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রীর শপথ নেওয়া আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে নতুন করে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব পুনর্বণ্টনের প্রজ্ঞাপন মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার (১২ মার্চ) জারি করেছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আজ স্পিকার হিসেবে শপথ গ্রহণ করেছেন। এরপর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মাধ্যমে আহমেদ আযম খানের নাম মন্ত্রিপরিষদের নতুন সদস্য হিসেবে ঘোষণা করেন।
অন্যদিকে, ব্যারিস্টার কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন। ফলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন একই সঙ্গে ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।