তানজিদ তামিমের ঝলমলে ব্যাটিংয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে টি–টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে সমতা ফেরায় লিটন দাসের দল। শেষ ম্যাচে ৮ উইকেটের দাপুটে জয়ে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা। মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। দুর্দান্ত শুরুর পর টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯ ওভার ৫ বলেই ১১৭ রানে থামে তাদের ইনিংস। স্টার্লিং করেন ২৭ বলে ৩৮, ডকরেল যোগ করেন ২৩ বলে ১৯ রান। রিশাদ হোসেন ও মোস্তাফিজ রহমান নেন ৩টি করে উইকেট। ১১৮ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরু এনে দেন ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। তারা মিলে যোগ করেন ৩৮ রান। সাইফ ১৪ বলে ১৯ রান করে ফেরেন। এরপর অধিনায়ক লিটন দাসও সুবিধা করতে পারেননি, ৬ বলে ৭ রান করে আউট হন। লিটনের বিদায়ের পর পারভেজ ইমনকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন তানজিদ তামিম। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩৫ বলে ক্যারিয়ারের ১১তম টি–টোয়েন্টি ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত দুই ব্যাটারই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তানজিদ অপরাজিত থাকেন ৩৬ বলে ৫৫ রানে, আর ইমন ২৬ বলে ৩৩ রানে। আয়ারল্যান্ডের হয়ে ইয়োং ও হ্যারি টেক্টর নেন একটি করে উইকেট।
সংবাদ লোড হচ্ছে...





