আওয়ামী লীগ সমর্থক হলেও যারা সৎ ও ক্লিন ইমেজের, যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই, তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয়ে এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মোস্তফা বলেন, “আওয়ামী লীগের সমর্থক কিন্তু মামলা-মোকদ্দমামুক্ত এবং যোগ্য প্রার্থী হলে আমরা কেন মনোনয়ন দেব না? অবশ্যই দেব। প্রার্থী সংকট কাটিয়ে উঠতেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। ৩০০ আসনেই আমরা প্রার্থী দেব। তবে যদি অন্য কোনো দল থেকে আরও শক্তিশালী, ক্লিন ইমেজের প্রার্থী পাওয়া যায়, তাহলে তাকেও মনোনয়ন দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “ফরিদপুর, গোপালগঞ্জসহ যেসব জেলায় আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন আছে, সেখানে যদি সৎ ও ক্লিন ইমেজের কেউ জাতীয় পার্টিতে যোগ দেন, তাকেও আমরা প্রার্থী করব।”
বিএনপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গণতন্ত্রের স্বার্থে যারা মব ভায়োলেন্সে জড়িত নন, তাদের বাঁচাতে বিএনপিরও ভূমিকা রাখতে হবে। নইলে বিএনপি একা হয়ে যাবে। আগামী নির্বাচনে যদি জাতীয় পার্টি না থাকে, আর অন্যদিকে ইসলামী ঐক্যজোট, জামায়াত, চরমোনাই, এনসিপি, গণঅধিকার পরিষদ নির্বাচনে অংশ নিতে চায়, তখন বিএনপি যদি বলে পিআর পদ্ধতি ছাড়া যাবে না এবং সরে দাঁড়ায়, তাহলে তারা একা হয়ে পড়বে। সেই নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না।”
তিনি অভিযোগ করেন, বিএনপিকে বিপদে ফেলতে স্বাধীনতাবিরোধী শক্তিগুলো সক্রিয় রয়েছে। “তারা দেখছে বিএনপি এগিয়ে আছে, তাই ক্ষমতায় যেতে পারে। এজন্য নানা অজুহাত তৈরি করে বিএনপিকে বিপদে ফেলতে চেষ্টা করা হচ্ছে।”
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, জেলা কমিটির সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।





