চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা  এর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশিদ।

শুক্রবার (০৯ জানুয়ারি)  রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় কল্যাণপুর যুব সংঘের আয়োজনে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। 

এই সময় হারুনুর রশিদ বলেন, আওয়ামী লীগ এখন ভোট করছে না, আওয়ামী লীগের প্রতীক নাই আগামী নির্বাচনে। এখন তারা কাকে ভোট দিবে এটা তাদের পছন্দের ব্যাপার। তারা জামায়াতে ইসলামকে দিবে নাকি বিএনপিকে দিবে। কিন্ত এখন যদি হারুন এমপিকে ভোট দিবে এমন  আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে আমি জনসাধারণকে নিয়ে থানা ঘেরাও করবো। তাই আমি খুব তীব্র ভাবে বলছি, যার (আওয়ামী লীগের নেতাকর্মী) বিরুদ্ধে  সুনির্দিষ্ট কোন অভিযোগ নাই, মামলা নাই এর বাইরে কোন লোককে যেন হয়রানি করা না হয়। যদি হয়রানি করা হয় তাহলে আমি জনসাধারণকে নিয়ে থানা ঘেরাও করবো। এটা পরিষ্কার ভাবে বলে দিচ্ছি।


তিনি আরোও বলেন, এই শহরে বা দেশে আওয়ামী লীগের লোকজন বাস করছে। সবাই কি অপরাধ করেছে? আওয়ামী লীগের সময় আমরা বাড়িতে বসে ছিলাম, আমাদের নামে মামলা হয়েছে। তাই এখন যারা নিরপরাধ, কোন অপরাধের সাথে জড়িত না, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে যাওয়া হয় তাহলে পার্থক্য হলো কী? 

বিএনপির এই নেতা আরোও বলেন,  আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে সকল প্রশাসনকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো। মানুষকে নিরাপত্তা দিতে হবে। থানায়, ভূমি অফিসে ঘুষ দিতে হবে এইগুলো আর দেখতে চাই না।


এই সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুলতানুল ইসলাম সুলতান, জেলা তাঁতি দলের আহবায়ক আতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের সদস্য আব্দুর রহিম, ১ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী ও সাবেক কাউন্সিল ইফতেখার আহমেদ রঞ্জুসহ প্রমুখ।