জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে না। তিনি এ মন্তব্য করেন মঙ্গলবার (০৪ মার্চ) সকালে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সারজিস আলম বলেন, \"যে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ হত্যা করা হয়েছে, তার বিচার না হওয়া পর্যন্ত দেশের জনগণ কীভাবে নির্বাচন নিয়ে ভাববে? খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার মঞ্চে দাঁড় করাতে হবে, এবং তাকে ফাঁসির মঞ্চে দেখতে হবে।\"
তিনি আরও বলেন, \"শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা মানুষ যেন ভুলেও নির্বাচনের কথা না বলে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখি, ততদিন বাংলাদেশের কোনো নির্বাচন হবে না।\"
সারজিস আলম তার বক্তব্যে আরও বলেন, \"আমরা রাজপথে ছিলাম, আমাদের ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছে, মায়েরা আজও চোখের পানি ফেলছেন। আমরা মরার আগে অন্তত খুনি হাসিনার বিচারটা দেখে মরতে চাই।\"
এ সময় তিনি উপস্থিত জনগণকে আশ্বস্ত করে বলেন, \"আমরা আমাদের অবস্থান থেকে মায়েদের পাশে সর্বোচ্চ চেষ্টা করব।\"
এছাড়া জানা গেছে, আজ বিকেল ৩টার দিকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। এতে পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।





