কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, “আমরা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে চাই না, কিন্তু জয় বাংলা ও বঙ্গবন্ধুকে চাই।”

শনিবার (৬ সেপ্টেম্বর) পৌরসভার খান মার্কেটে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, “মুক্তিযুদ্ধকে গালি দিলে যেমন বঙ্গবন্ধুকে গালি দেওয়া হয়, তেমনি জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়। জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, তাকে নিয়ে আওয়ামী লীগ হাজার কথা বললেও আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। তিনি আমার চেয়েও বড় মুক্তিযোদ্ধা।”

তিনি আরও বলেন, “বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ মেনে যারা রাজনীতি করবেন আমরা তাদের সঙ্গে আছি।”

সভায় উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আ. ছবুর খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীবের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা ও উপজেলা নেতারা।