জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, সম্প্রতি ঘোষিত রায়ের পর আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ব্যাপকভাবে পিছিয়ে গেছে। তিনি বলেন, “একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক ও রাজনৈতিক ক্যারেক্টার শেষ পর্যায়ে পৌঁছেছে। গত এক বছরের তাদের কার্যক্রমে আর কোনো রাজনৈতিক চরিত্র দেখা যায় না।”
একটি টেলিভিশন টকশোতে তুষার আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ এখন এক ধরনের গুপ্তসংগঠনের মতো চোরাগুপ্তা কার্যক্রম চালাচ্ছে। গোপালগঞ্জের মুখসুদপুরে সংবাদ সম্মেলনে দলের বেশ কিছু নেতাকর্মী পদত্যাগ করেছেন, এবং তিনি মনে করছেন, এ ধরনের ঘটনা আরও বৃদ্ধি পাবে।
তিনি বলেন, যারা ক্রিমিনালের সাথে জড়িত নয় এবং সাধারণ সমর্থক তাদের সমাজে পুনর্বাসিত হবে। ভোট দেওয়ার মাধ্যমে এটি একটি রিকনসিলিয়েশনের প্রক্রিয়াও সম্পন্ন হবে। তবে যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের শাস্তি হওয়াই উচিত।
সারোয়ার তুষার আরও বলেন, শুধু এই রায়ই নয়, গত দেড় বছরের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের রাজনীতি অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়েছে, এবং এই রায় তা আরও বিস্তৃতভাবে প্রমাণ করেছে।





