রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের গোডাউনের জানালা ভেঙে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মালামাল লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।
\r\nবুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন টিসিবির ডিলার মেসার্স বিপ্লব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু তালেব সরকার।
\r\nজানা গেছে, বাউসা ইউনিয়নে টিসিবির তালিকাভুক্ত উপকারভোগী আছেন ১,৩১১ জন। ঈদের আগের দিন ৮৬২ জনকে টিসিবির পণ্য বিতরণ করা হয়। বাকি ৪৫৯ জনের জন্য বরাদ্দকৃত চিনি, ডাল ও সয়াবিন তেল ইউনিয়ন পরিষদের গোডাউনে সংরক্ষণ করা ছিল। বুধবার সকালে ওই উপকারভোগীদের মাঝে পণ্য বিতরণের কথা ছিল।
\r\nতবে সকালবেলা গোডাউনের তালা খোলার পর দেখা যায় জানালার গ্রিল কেটে ভেতরের মালামাল চুরি করা হয়েছে। চুরি হওয়া পণ্যের মধ্যে ছিল ৪৫৯ কেজি চিনি, ৪২৫ কেজি ডাল এবং ১৮৯ বোতল সয়াবিন তেল।
\r\nবাউসা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ জামাল উদ্দিন জানান, গোডাউনের নিরাপত্তায় পালাক্রমে পাহারার ব্যবস্থা থাকলেও কখন চুরির ঘটনা ঘটেছে, তা বুঝতে পারেননি তিনি।
\r\nউপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার জানান, চুরির বিষয়টি মৌখিকভাবে জেনেছেন এবং দায়িত্বপ্রাপ্ত ডিলারকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
\r\nডিলার আবু তালেব সরকার বলেন, “আমাকে হেয়প্রতিপন্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে এ কাজ করেছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।”
\r\nপ্যানেল চেয়ারম্যান আবদুর রহমান জানান, গোডাউন খোলার সময় চুরির বিষয়টি প্রথম জানা যায়। পরে উপজেলা প্রশাসন ও থানাকে অবহিত করা হয়েছে।
\r\nএদিকে বুধবার সকালে উপকারভোগীরা পণ্য নিতে এসে ফিরে যান। সিহাব উদ্দিন ও রনি ফকির নামের দু’জন জানান, ঈদের আগে টাকার অভাবে পণ্য নিতে পারেননি। বুধবার সকালে এসে শুনেছেন মালামাল চুরি হয়ে গেছে।
\r\nবাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান জানান, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





