ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের নিরাপদ চলাচল, অর্থ ও সময় সাশ্রয়ের জন্য চারটি বৈদ্যুতিক শাটল গাড়ির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ গাড়িগুলোর উদ্বোধন করা হয়।

গাড়িগুলো উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

উদ্ধোধনের সময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম,  প্রোক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, প্রোভোস্ট, শিক্ষক ও শিক্ষার্থীরা। 

জানা যায়, বৈদ্যুতিক শাটল গাড়িগুলো ফ্যাকাল্টি থেকে হল এবং মেইন গেট থেকে শুরু করে পুরো ক্যাম্পাসে যাতায়াতের জন্য ব্যবহৃত হবে। প্রাথমিকভাবে যেকোনো দূরত্বের জন্য ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। 


গাড়িগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য কিস্তিতে কেনা হচ্ছে, যেখানে দুই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ মালিকানা পাবে। এই পদ্ধতিকে ‘আয় থেকে দায় শোধ’ মডেল হিসেবে দেখা হচ্ছে, যা ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই কার্যকর হয়েছে।

আধুনিক ডিজাইনের এসব শাটলে রয়েছে ছাউনির ব্যবস্থা, যা যাত্রীদের রোদ-বৃষ্টি থেকে সুরক্ষা দেবে। পরিবেশবান্ধব ও শব্দহীন এই যানগুলো ক্যাম্পাসে একটি টেকসই যাতায়াত ব্যবস্থা গড়ে তুলবে। এই সেবার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সময় ও অর্থ সাশ্রয়ী এবং নিরাপদ চলাচল নিশ্চিত হবে। 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগ পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ ও সুবিধাজনক করবে।

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমাদের এই ইলেক্ট্রিক শাটল। ইনশাআল্লাহ আগামীকাল থেকে শিক্ষার্থীরা এটি ব্যবহার করতে পারবে। যে কোম্পানি থেকে আমরা এই শাটলগুলো নিয়েছি সেই কোম্পানিকে ধন্যবাদ জানাচ্ছি।”

উল্লেখ্য, বৈদ্যুতিক শাটল কার সরবরাহ করছে DFSK Bangladesh-এর MA Enterprise। যারা বাংলাদেশের একমাত্র স্বীকৃত ইলেকট্রিক যানের ডিলার। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক যান ভাড়ার সফল সেবা দিয়ে আসছে।