ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক সিম্পোজিয়াম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। “প্রাকৃতিক পণ্য গবেষণা অন্বেষণ” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় এই আয়োজন করা হয়। হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্ট এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সিম্পোজিয়ামটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক আবু হেনা মোস্তফা জামাল। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দক্ষিণ কোরিয়ার কিউং হে ইউনিভার্সিটির প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক বংলি কিম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন, সিম্পোজিয়ামের আহ্বায়ক অধ্যাপক ড. রেজুয়ানুল ইসলাম, ড. মিজানুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। পোস্টার প্রেজেন্টেশনে তিনটি ক্যাটাগরিতে মোট ছয়জন পুরস্কার পান। ওপেন ক্যাটাগরিতে প্রথম হন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোবিনুল হক এবং দ্বিতীয় হন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল। মাস্টার্স থিসিস ক্যাটাগরিতে পুরস্কার পান আমিন খান ও ফরহাদ আলম। চতুর্থ বর্ষ ক্যাটাগরিতে পুরস্কার পান হুজাইফা ও আব্দুল্লাহ আল হাসান। \r\n\r\n\r\n\r\n\r\n সিম্পোজিয়াম শেষে বিভাগের ২১তম ব্যাচকে বিদায় সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবাদ লোড হচ্ছে...





