ইবি প্রতিনিধি : নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য দুইদিন ব্যাপী নবীনবরণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। শনিবার (২০ সেপ্টেম্বর) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ১ম দিনের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবীন বরণ অনুষ্ঠানের প্রথম দিনে সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, বিজ্ঞান অনুষদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ও জীববিজ্ঞান অনুষদের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্রেশার্স রিসিপশন ২০২৫ আয়োজক কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রোক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, প্রোভোস্ট, শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে। নবীনদের ফুল ও সঙ্গীত মূর্ছনায় বরণ করে নেওয়া হয়। নবীনদের মধ্যে, প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের অতিথিরা পুরস্কৃত করেন।
নবীনদের অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই (\"There is not an alternative to hard work\")। যারা কঠোর পরিশ্রম করতে জানে না, তারা সফলতাকে ছুঁতে পারে না। তোমার ঘর হবে শ্রেণিকক্ষ, তোমার ভালোবাসার মানুষ হবে শিক্ষক, তোমার সবচেয়ে বড় সম্মানিত মানুষ হবে তোমার শিক্ষক এবং তোমার সবচেয়ে নিরাপদ ও জ্ঞানের চর্চার জায়গা হবে তোমার লাইব্রেরি। তোমার সময় কাটবে এই তিনটি অঙ্গনে। এর বাইরে সময় কাটালে তুমি ব্যর্থ হবে। আমি যতদিন ভাইস চ্যান্সেলর হিসেবে আছি, আমার সকল কাজ, আমার সকল পরিশ্রম তোমাদের উদ্দেশ্যে নিবেদিত হবে। এর মাধ্যমে আমরা উন্নত বাংলাদেশ গড়বো
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ বলেন, তোমাদের দিকে তাকিয়ে আমার আশা জাগে। তোমরা এমন কিছু অর্জন করেছ যা আমরা বা আমাদের বন্ধুরা, আমাদের সহকর্মীরা পারেনি। তোমরা তোমাদের নিজেদের তৈরি করেছ, তাই বলছি, হারিয়ে যেও না (\"Don't be lost\")। সুন্দরভাবে দেশের দিকে তাকাও, সুন্দর দেশ উপহার দাও, তোমাদের মেধা নিয়ে এগিয়ে যাও।
আমি যখন ছাত্র ছিলাম, তোমাদের বয়সী ছিলাম, তখন কিন্তু তোমাদের মতো এত সুযোগ বা প্রস্তুতি আমাদের ছিল না। তোমাদের চোখের সামনে বিশ্ব প্রতিদিন নতুন করে তৈরি হচ্ছে, তোমাদের আগুনের দাতার নিচেই এই বিশ্ব নতুন করে রূপ নিচ্ছে। এইজন্য তোমাদের দায়িত্ব অনেক বেশি।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, যখন আপনারা শিক্ষাদান করবেন, তখন আপনাদের মনে রাখতে হবে, আপনার সামনে যে ছাত্রটি বসে আছে, আপনিও একদিন তাদের মতোই এই বেঞ্চে বসে ছিলেন। আপনাদের যতটুকুই ক্ষমতা থাক, আপনারা সাধ্যমতো দেবার চেষ্টা করবেন।





