ইসলামী বিশ্ববিদ্যালয়-এ সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন সমাজকল্যাণ বিভাগের সাবেক কর্মচারী ও উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং একই বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান।


অফিস আদেশে জানানো হয়, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৫৪ ধারা অনুযায়ী থানায় প্রাপ্ত প্রাথমিক তথ্যের ভিত্তিতে তাদের নাম উল্লেখ থাকায় বিশ্ববিদ্যালয়ের চাকরি শৃঙ্খলা বিধির ১৫(খ) ধারা অনুযায়ী ৫ মার্চ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


তবে বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী জীবনধারণ ভাতা পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।


উল্লেখ্য, বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হন আসমা সাদিয়া রুনা। এ ঘটনায় বৃহস্পতিবার নিহতের স্বামী ইমতিয়াজুর সুলতান বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।