ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক শিক্ষার্থী ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস আমিনুল হক নোমানীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে ইবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি এ মানববন্ধন করে। এসময় তারা এই হত্যার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

এসময় সংগঠনটির সহ-সভাপতি জোবায়ের আহমেদ, আল আমন নোমান, সাধারণ সম্পাদক এস এম শামিম ও দপ্তর সম্পাদক মোহাম্মদ ওলিউল্লাহসহ সংগঠনটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ইন্টেরিম সরকার প্রতি জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। আমরা যে দাবি করি না কেন ইন্টেরিম সরকার এর কোনো গুরুত্ব দিচ্ছে না। আমরা এখনো কোনো ঘটনার সুষ্ঠু বিচার দেখতে পাইনি। এই সরকার নাচ-গান ও অযথা কাজ নিয়ে ব্যস্ত। ছাত্র-জনতা সরকারকে রক্তের উপর দিয়ে চেয়ারে বসিয়েছে। কিন্তু সরকার সেই রক্তের মূল্য দিতে পারছে না। সরকার বিপ্লবী ছাত্র-জনতার রক্তের সাথে বেইমানি করে যাচ্ছে। যারা দ্বিনের কথা, ইসলামের কথা, ইসলামি রাজনীতির কথা বলছে তাদের জীবন আজ হুমকির মুখে। হক কথা বললে তাদের লাশ পাওয়া যায়। মানুষ নিজ বাড়িতেও আজ নিরাপদে থাকতে পারছে না। আমরা নোমানী হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। 

সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম শামীম বলেন, 'আমিনুল হক নোমানীকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর মাধ্যমে এ দেশের শিক্ষিত ও আলেম সমাজের ওপর হামলা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ব্যাপারে ইন্টেরিম সরকারের কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। ৫ আগস্টের পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বহীনতার পরিচয় দিয়ে যাচ্ছে। দেশের সাধারণ জনগণ, ছাত্রসমাজ, শ্রমিক-জনতা ও সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা সকল জায়গায় শুধু  হত্যাকাণ্ড আর লাশ দেখতে পাচ্ছি। যদি এর সুষ্ঠু বিচার করা না হয় আগামীতে দেশে আরো ভয়ংকর পরিস্থিতি হবে'।

উল্লেখ্য, গত শনিবার (৬ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলা জামে মসজিদের খতিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস আমিনুল হক নোমানীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত ৯টার দিকে উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। এছাড়া তিনি ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছিলেন।