ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডের ঘটনায় বিভাগের সাবেক কর্মকর্তা ও দুই সহকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (০৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক তিন অফিস আদেশে এ তথ্য জানা যায়।


বহিষ্কৃতরা হলেন, সমাজকল্যাণ বিভাগের সাবেক কর্মকর্তা ও বর্তমান উম্মুল মু'মিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস এবং বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান ও শ্যাম সুন্দর সরকার। 


অফিস আদেশে জানানো হয়, গত ০৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যাকান্ডে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ১৫৪ অনুসারে থানায় প্রাপ্ত আমলযোগ্য অপরাধের প্রাথমিক তথ্যে নাম উল্লেখ থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের চাকুরী শৃঙ্খলা বিধির 15(b) ধারা অনুযায়ী গত ০৫ মার্চ থেকে চাকুরী হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।  তারা বরখাস্তকালীন বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জীবন ধারন ভাতা প্রাদান করা হবে।


ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, 'মামলার এজহার সূত্রে যাদের নাম এসেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।'