দেশের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানি ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন–এ আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করা হবে।একই অনুষ্ঠানে খাদেম, পুরোহিত, সেবায়েত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের জন্যও সম্মানি ভাতা প্রদান কার্যক্রম শুরু করা হবে।


এর আগে নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানি ভাতা দেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর নেতৃত্বাধীন সরকার।ঘোষণা অনুযায়ী, প্রতিটি মসজিদের জন্য মাসিক মোট ১০ হাজার টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা।


এ ছাড়া প্রতিটি মন্দিরের জন্য মাসিক ৮ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পুরোহিত পাবেন ৫ হাজার টাকা এবং সেবায়েত ৩ হাজার টাকা।প্রতিটি বৌদ্ধ বিহারের জন্যও ৮ হাজার টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিহার অধ্যক্ষ পাবেন ৫ হাজার টাকা এবং উপাধ্যক্ষ ৩ হাজার টাকা।


এ ছাড়া প্রতিটি চার্চের জন্য মাসিক ৮ হাজার টাকা বরাদ্দ থাকবে। এর মধ্যে পালক বা যাজক পাবেন ৫ হাজার টাকা এবং সহকারী পালক বা যাজক পাবেন ৩ হাজার টাকা।