ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের পক্ষে কঠোর অবস্থান তুলে ধরেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ‘ঐশ্বরিক মৃত্যু’ উপহার পেয়েছে।
হেগসেথ দাবি করেন, ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে ছিল এবং গোপনে পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জনের চেষ্টা করছিল। তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কার পরমাণু চুক্তিকে কঠোর সমালোচনা করে সেটিকে ‘ভয়াবহ চুক্তি’ হিসেবে উল্লেখ করেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, সাম্প্রতিক সামরিক পদক্ষেপ কোনো সরকার পরিবর্তনের যুদ্ধ নয়। তবে তাঁর ভাষ্য অনুযায়ী, এই অভিযানের ফলে ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তন এসেছে এবং এতে বিশ্ব আরও নিরাপদ হয়েছে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের লক্ষ্য দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়; বরং তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও সংশ্লিষ্ট নিরাপত্তা অবকাঠামো ধ্বংস করা।





